আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় বর্ষের এই দিনে মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’।
এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। কিন্তু বদর ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। ইসলামের এ প্রথম সামরিক যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। মুসলিমদের এই বিজয় অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে, মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে মুহাম্মদ (সা.)-এর অবস্থান দৃঢ় হয়। (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যা : ২/৪৫৫, ১৯৫৫)
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে। অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো।’ (সুরা আলে ইমরান : ১২৩)
এই দিনকে ‘ইয়াওমুল ফুরকান’ বা ‘সিদ্ধান্তের দিন’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। রাব্বুল আলামিন বলেন, ‘যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর ওপর এবং সে বিষয়ের ওপর, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। আর আল্লাহ সবকিছুর ওপরই ক্ষমতাশীল।’ (সুরা আনফাল : ৪১)
বদর যুদ্ধের কারণ
মদিনায় হিজরতের পর মুসলমানরা সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেও মক্কার কুরাইশদের ষড়যন্ত্র ও শত্রুতা থামেনি। বদর যুদ্ধের পেছনে বেশ কিছু মৌলিক কারণ ছিল—
১. কুরাইশদের দস্যুবৃত্তি ও ষড়যন্ত্র
মদিনায় ইসলামের ক্রমবর্ধমান সাফল্যে কুরাইশরা ঈর্ষান্বিত ছিল। তারা মদিনার উপকণ্ঠে লুটতরাজ চালিয়ে মুসলমানদের আতঙ্কিত করার চেষ্টা করত।
২. নাখলার খণ্ডযুদ্ধ
২ হিজরির রজব মাসে আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে একটি ছোট মুসলিম দল নাখলা নামক স্থানে কুরাইশদের একটি কাফেলা আক্রমণ করে। সেখানে আমর বিন আল-হাদরামি নিহত হন, যা মক্কাবাসীদের ক্ষুব্ধ করে।
৩. আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা
সিরিয়া থেকে ফেরার পথে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটি বিশাল বাণিজ্যিক কাফেলা মদিনার পাশ দিয়ে যাচ্ছিল। কুরাইশরা এই বাণিজ্যের অর্থ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের রসদ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল।
৪. আবু জাহেলের দম্ভ
যদিও আবু সুফিয়ানের কাফেলা বিকল্প পথে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল, তবুও আবু জাহেল মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার দম্ভ নিয়ে এক হাজার সুসজ্জিত সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়।
এক অসম যুদ্ধের পরিসংখ্যান
বদর যুদ্ধ ছিল সামরিক সরঞ্জামের দিক থেকে সম্পূর্ণ অসম এক লড়াই। একদিকে ছিল অস্ত্রশস্ত্র, লৌহবর্ম ও ঘোড়সওয়ারে সুসজ্জিত কুরাইশদের ১ হাজার সৈন্যের বিশাল বাহিনী, ১০০টি ঘোড়া, ১৭০টি উট। অন্যদিকে, আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন মাত্র ৩১৩ জন মুসলমান। সঙ্গে ছিল মাত্র ২টি ঘোড়া, ৭০টি উট। কিন্তু যুদ্ধে দেখা গেল কুরাইশদের নিহতের সংখ্যা ৭০ জন আর বন্দি সমান সংখ্যক। অন্যদিকে মুসলমানদের শহীদের সংখ্যা ১৪ জন। বন্দি হয়নি কেউ।
আল্লাহর সাহায্য ও বিজয়
১৭ রমজান সকালে বদর প্রান্তরে যুদ্ধের দামামা বেজে ওঠে। মহানবী (সা.) কৌশলগতভাবে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে শিবির স্থাপন করেন এবং বাকি কূপগুলো বন্ধ করে দেন। এর ফলে মুসলিম বাহিনী পানির দখল পায়, যা কুরাইশদের শারীরিকভাবে দুর্বল করে দেয়।
তৎকালীন রীতি অনুযায়ী প্রথমে শুরু হয় মল্লযুদ্ধ বা দ্বৈত লড়াই। মুসলিম বীর হামজা (রা.), আলী (রা.) ও উবাইদা (রা.) কুরাইশদের শ্রেষ্ঠ তিন যোদ্ধা উতবা, শাইবা ও ওয়ালিদকে পরাজিত ও হত্যা করেন। শুরুতে শীর্ষ নেতাদের মৃত্যু কুরাইশদের মনোবলে বড় আঘাত হানে। এরপর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। সংখ্যায় কম হলেও মুসলিমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আল্লাহু আকবার ধ্বনি তুলে লড়াই চালিয়ে যান।
যুদ্ধের একপর্যায়ে মহানবী (সা.) আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, তুমি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূর্ণ করো।’ পবিত্র কোরআনের সুরা আনফালে উল্লেখ আছে যে আল্লাহ সেই দিন আকাশ থেকে এক হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। আল্লাহর এই সাহায্য ও মুসলিম বীরদের সাহসিকতার কাছে আবু জাহেলের বিশাল বাহিনী ধূলিসাৎ হয়ে যায়। কিশোর দুই ভাই মুআজ (রা.) ও মুআওয়াজ (রা.) অভিশপ্ত আবু জাহেলকে হত্যা করেন। (ইবনে হিশাম)
বদরযুদ্ধের প্রভাব
বদর যুদ্ধের গুরুত্ব শুধু সামরিক বিজয়ে সীমাবদ্ধ ছিল না। এর রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব ছিল সুদূরপ্রসারী। মক্কার কুরাইশদের পরাজয় তাদের আত্মবিশ্বাস ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করে। যুদ্ধের পর বদরের বাণিজ্য পথ ব্যবহারের ঝুঁকি বেড়ে যায়, যা মক্কার অর্থনীতিকে ব্যাপক প্রভাবিত করে। কুরাইশদের বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে, ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়।
এই যুদ্ধ মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস ও ঐক্যকে শক্তিশালী করে। এটি ইসলামের প্রসার ও মদিনার মুসলিম রাষ্ট্রের ভিত্তি মজবুত করে। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইতিহাসের এক বাঁক বদলকারী ঘটনা, যা বিশ্ব ইতিহাসে ইসলামের অবস্থানকে চিরস্থায়ী করে দিয়েছে।