স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। একই আইনে এ মামলার অন্য আসামিদের মতো তারও বিচার হবে। বিষয়টি এখন সেনাবাহিনী দেখছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এছাড়াও সিলেট বিভাগসহ দেশের আরও বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত হয়েছে। সব জায়গায় সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, সেখানে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব একজন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ওপর দেওয়া হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বীজ, চারা, সারসহ কৃষি উপকরণ দ্রুত সরবরাহ করা হবে।