রূপালি মৎস্য, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহীন দেলোয়ার। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল আমিন, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সহকারি কমিশনার(ভূমি) শফিউল আলম, উপজেলা নির্বাচন অফিসার মো: মাহফুজ আলম,পৌর বিএনপির সা: সম্পাদক এম. আবদুর রহিমসহ সরকারি কর্মচারীরা।
আলোচনা সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারি সহায়তার বিষয় তুলে ধরেন।
উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, অতীতে মৎস্য কার্ড বিতরণ ও সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীরা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মৎস্যচাষিরা প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ পর্যাপ্তভাবে পাচ্ছেন না। এতে অন্যান্য উপজেলার তুলনায় এখানকার মৎস্যচাষিরা পিছিয়ে রয়েছেন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর মাছ চাষের ওপর প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম বলেন, মৎস্যচাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দীঘিনালাকে মৎস্য খাতে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।