পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান- ইউএনও মো. জিল্লুর রহমান।
কক্সবাজারস্থ রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) শহীদ মিনারের সামনে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রামুর পর্যটন শিল্পের উন্নয়নে উপজেলার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো লেখনির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “রামু প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নান্দনিক স্থাপনার উজ্জ্বল একটি পর্যটনসমৃদ্ধ উপজেলা। এখানকার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো যথাযথভাবে প্রচার ও প্রসার তুলে ধরতে পারলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। এজন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় ও রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী এবং উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী ও বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।
এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার (অবঃ) বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ নাছির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আকতারুল আলম চৌধুরী, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নোমান মোহাম্মদ হারুন এবং রামু উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহসানুল জুবাইর।
বক্তারা বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে বিরোধপূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সকাল ০৭ ঘটিকায় জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠাতা সদস্যদের ফুল দিয়ে বরণ। ১১ ঘটিকায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাজুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন রামু সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হোসাইন আকাশ, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, রামু উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহ জাহান লুতু,বিএনপি নেতা আবুল আলা, জুলাই যোদ্ধা মঈনুর রশিদ ও সম্প্রীতি নেতা সুরেশ বড়ুয়া বাঙ্গালি,আবু হান্নান,জয়নাল আবেদীন,সোহেল রানা, তাজুল ইসলাম, মোনঈমুল মোন্তাকী।
এ সময় রামু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (দৈনিক সকালের সময়, দৈনিক শাহ আমানত ও কক্সবাজার প্রতিদিন), সহ-সভাপতি নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান ও আজকের বাংলা), সহ-সভাপতি মো. কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ, দি বাংলাদেশ টুডে ), যুগ্ম সাধারণ সম্পাদক আনিস নাঈমুল হক (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত, ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), আবদুল মতলব, নুরুল হাকিম (কক্সবাজার কন্ঠ), মোহাম্মদ ইকবাল, মো. তানিম (দৈনিক মেহেদী, কক্স টিভি)সহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে রামু প্রেসক্লাব রামুর রাজনীতি, অর্থনীতি, পর্যটন, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, মাদক, দুর্নীতি, সামাজিক সম্প্রীতি ও সম্ভাবনার বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আসছে। মানুষের কথা বলা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর রামু প্রেসক্লাব নানা কর্মসূচির আয়োজন করে। এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।