কক্সবাজারের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা, সাবেক খেলোয়াড়দের মিলনমেলা সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। এ উপলক্ষে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’-এর ড্র, জার্সি উন্মোচন ও জেলার কৃতী সাবেক ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় মাতামুহুরীর ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার কৃতী ও সাবেক ফুটবল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শুরুতে অতিথি, ক্রীড়াবিদ, খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন আয়োজকেরা। পরে মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দলগুলোর জার্সি উন্মোচন ও টুর্নামেন্টের ড্র। দলগুলোর অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের উপস্থিতিতে নিজ নিজ দলের জার্সি উন্মোচন করা হয়।
এরপর সাত দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। তিনি ক্রীড়াঙ্গনের বিকাশে খেলাধুলার চর্চা বাড়ানো, সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. জয়নুল আবেদীন বলেন, ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি জেলার সাবেক ফুটবলারদের পুনর্মিলন, ফুটবলের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ক্রীড়ার চেতনা পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে বলে তাঁরা আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া, মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, ঢেমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন জিকু, কক্সবাজার খেলোয়াড় সমিতির আহ্বায়ক মো. জাহেদ উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ফুটবল কোচ হায়দার কবির প্রিন্স, চকরিয়া ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, মাতামুহুরী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু নাঈম লিটন এবং বদরখালী ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়াবিদ আমির হোসেন আমু প্রমুখ।
মাতামুহুরি উপজেলা খেলোয়াড় সমিতির পরিচিতি সভায় মানপত্র পাঠ করেন মাতামুহুরি উপজেলা খেলোয়াড় সমিতির সদস্য মুবিনুল ইসলাম মিঠু।
বক্তারা বলেন, ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়া সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাতামুহুরীসহ কক্সবাজার জেলার ফুটবলের ঐতিহ্য আরও সমৃদ্ধ করা সম্ভব।
আয়োজকেরা জানান, ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’-এর মাধ্যমে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টিই তাঁদের মূল লক্ষ্য।