কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় একটি মৎস্যঘেরে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে চকরিয়া থানা-পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে কামাল চেয়ারম্যানের মৎস্যঘের থেকে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ৯ জন গোপন বৈঠক করছেন বলে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ১৪টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল আজিজ জানান,সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং বহিরাগত অনেক লোকের অবস্থান ও বৈঠক চলার তথ্য পাওয়া যায়। এ ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিরা হলেন—ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।