মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ, পরীক্ষার তথ্য অনলাইনে জমা, ভুয়া প্রতিবেদন তৈরি বন্ধ এবং নিয়ম লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পরে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষার কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
১. মেডিকেল স্লিপ ইস্যুর সীমা: ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ দিতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। নির্ধারিত সীমার বাইরে নিজস্ব সিদ্ধান্তে বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে স্লিপ দেওয়া যাবে না।
২. দৈনিক পরীক্ষার প্রতিবেদন: প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন হওয়া স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি তা অনলাইনে পাঠাতে হবে।
৩. তথ্যসহ প্রতিবেদন জমা: সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এতে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
৪. পরীক্ষার ফি নির্ধারণ: মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা। এর অতিরিক্ত কোনো অর্থ প্রার্থীর কাছ থেকে আদায় করা যাবে না।
৫. ভুয়া প্রতিবেদন ও অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ: কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৬. মালয়েশিয়ায় গিয়ে আনফিট হলে ব্যয়ভার: বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগপর্যন্ত আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও বহন করতে হবে ওই সেন্টারকে।
৭. আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা: প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে।
৮. মাইগ্রাম ফি নিষিদ্ধ: ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।
৯. নিয়ম লঙ্ঘনে ব্যবস্থা: নির্দেশনার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০. কঠোর নজরদারি: নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে।
১১. প্রবেশপথে বিলবোর্ড: প্রত্যেক মেডিকেল সেন্টারকে নিজস্ব প্রবেশপথের সামনে বড় আকারের ও দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে।