ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলছেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে, তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয় সেই বার্তা হিংস্র বার্তা, এই বার্তা রক্তপাত ঘটানোর বার্তা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের (আওয়ামী লীগ) কাছে অনেক টাকা। বাংলাদেশ ব্যাংকের লুট করা টাকা, মেট্রোরেলের টাকা, পদ্মা সেতু-মেগা প্রকল্পের লুট করা টাকা তাদের কাছে। অনেকে বলে— বিকাশে একটা ককটেল মারার জন্য না কি ১০ হাজার-২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংদের এসব টাকা দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্লামেন্টে আইন করা উচিত— আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছে শেখ হাসিনা। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।