
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় আগ্নেয়াস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ভোরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় জনতা মার্কেট-বেতুয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ভোর রাতে আমানপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, কাছ থেকে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির সরঞ্জাম হিসেবে ২টি গ্রিল বা তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রাম দা এবং ১টি কাঠের বাটযুক্ত চাকু জব্দ করা হয়। একইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার) উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।