
রামু(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। বুধবার (১০ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে ওই গৃহবধূকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের অনেকেই এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—তা এখনও নিশ্চিত নয়।
নিহতের স্বামী আব্দুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও হোমিওপ্যাথি চিকিৎসক বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক সম্পর্ক, সাক্ষীদের বক্তব্য এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়লেও, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।