
কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বাকি চার জনকে আটকে পুলিশের অভিযান চলছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ীর সাদ্ধেরমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (৩০ আগস্ট) ভোরে বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশ খবর দেন। রবিবার বিকালে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।ভুক্তভোগী কিশোরী চান্দিনা উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব। সে চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চার জনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। ওই কিশোরী সুস্থ হওয়ার পর বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’