
আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক অ্যাডভোকেট ফয়জুল কবির। উন্নয়ন, সমৃদ্ধি ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে পরিচিত মুখ হিসেবে অ্যাডভোকেট ফয়জুল কবিরের নাম আলোচনায় এসেছে। স্থানীয়দের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা অ্যাডভোকেট ফয়জুল কবির চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (চকরিয়া পুরাতন থানার হেডকোয়ার্টার নামার চিরিঙ্গা) চেয়ারম্যানপাড়া গ্রামের ঐতিহ্যবাহী ইউসুফ আলী শিকদারের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতামহ ফরুখ আহামেদ এবং পিতা মরহুম নুরুল কবির। তিনি সরকারি অবসর প্রাপ্ত চাকরিজীবী ছিলেন। সুশিক্ষিত পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা ফয়জুল কবির ছাত্রজীবন থেকেই পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় যুক্ত হন। আইন বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর প্রায় ১৭ বছর ধরে আইনজীবী হিসেবে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ কক্সবাজার অঞ্চলের বিভিন্ন মানুষের আইনি সেবা দিয়ে আসছেন তিনি। আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। এ কারণে স্থানীয় পর্যায়ে সামাজিকভাবে সক্রিয় মানবিক আইনজীবী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
জনবান্ধব পৌরসভা গড়ার পরিকল্পনা
আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অ্যাডভোকেট ফয়জুল কবির বলেন, “চকরিয়া পৌরবাসীর পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত করা এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে পৌরবাসীর জন্য কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “চকরিয়া পৌরসভার সেবার মান উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের ন্যায্য সেবা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। একটি দূর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার পরিকল্পনা।” স্থানীয়দের মতে, দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা অ্যাডভোকেট ফয়জুল কবিরের প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে তাঁর অবস্থান কী হবে, তা নির্ধারণ করবে ভোটারদের রায়।