আজ থেকে ৬৪ বছর আগে, ১৯৬২ সালের ৫ অক্টোবর প্রথমবার বড় পর্দায় হাজির হন ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। ‘ডক্টর নো’ সিনেমার মধ্য দিয়ে শুরু হয় বন্ড সিরিজের দীর্ঘ ও সফল চলচ্চিত্রযাত্রা। চরিত্রটিতে অভিনয় করেন শন কনারি।
টেরেন্স ইয়ং পরিচালিত সিনেমাটি নির্মিত হয় ইয়ান ফ্লেমিংয়ের ১৯৫৮ সালের একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের কর্মকর্তা বন্ডকে পাঠানো হয় জ্যামাইকায়। সেখানে এক সহকর্মীর নিখোঁজ হওয়ার রহস্য অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছে যান রহস্যময় ডক্টর নোর আস্তানায়।
কম বাজেটে নির্মিত হলেও মুক্তির পর বাণিজ্যিকভাবে সফল হয় ‘ডক্টর নো’। সময়ের সঙ্গে সিনেমাটি বন্ড সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃতি পায় এবং ষাটের দশকে গুপ্তচরনির্ভর চলচ্চিত্রের জনপ্রিয়তাও বাড়িয়ে দেয়।
শুধু গল্প নয়, জেমস বন্ডের সিনেমার বহু পরিচিত বৈশিষ্ট্যের সূচনাও হয়েছিল এই ছবি দিয়ে। বন্দুকের নলের ভেতর দিয়ে বন্ডের আবির্ভাব, নান্দনিক শিরোনাম দৃশ্য এবং বিখ্যাত বন্ড সুরের ব্যবহার প্রথম দেখা যায় ‘ডক্টর নো’-তেই।
এরপর একে একে পর্দায় এসেছে বন্ডের অসংখ্য অভিযান। তবে সেই দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় হয়ে আজও বিশেষ গুরুত্ব ধরে রেখেছে শন কনারির ‘ডক্টর নো’।