মাতামুহুরীতে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত:
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
৩১
বার পড়া হয়েছে
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা, বদরখালী ও ঢেমুশিয়া ইউনিয়নে তীব্র অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শিশুদের পুষ্টির উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
রোববার (১১ অক্টোবর) উত্তরণ প্রকল্পের উদ্যোগে এসিএফ, এসআইডিএ এর অর্থায়নে অপুষ্টিতে আক্রান্ত ১৫০ শিশুর মাঝে পুষ্টি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন।
তিনি বলেন, তীব্র অপুষ্টিতে আক্রান্ত ও অপুষ্টির ঝুঁকিতে থাকা শিশুদের পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ফুড বাস্কেট, হাইজিন কিট, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার (MNP) এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে বলে জানান।
এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি আব্দুল মোমেন এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক রিদুয়ান হাফিজ, উত্তরণ মাতামুহুরি LIV প্রকল্পের সমন্বয়কারী হেদায়েত উল্লাহ মুকুল, ACF-এর প্রতিনিধি সালমান শুভ, উত্তরণের টেকনিক্যাল ও নিউট্রিশন অফিসার সাদাত কামাল, ওয়াশ অফিসার আব্দুর রহিম, MHPSS অফিসার মির্জা ওয়ার্দাহ বেগ, মিডওয়াইফ হাফিজা খাতুন, কৃষিকা দেউরী ফ্যাসিলিটেটর তাসলিমা আক্তার, ফ্যাসিলিটেটর তানিয়া সুলতানা, মোহাম্মদ হোছাইনসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১টি ফুড বাস্কেট, ৬ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি সুজি ও ৫০টি ডিম।
হাইজিন কিট, গোসলের সাবান ২টি, কাপড় কাচার সাবান ২টি, কাপড় কাচার পাউডার ১ প্যাকেট, টুথপেস্ট ১টি, টুথব্রাশ ৩টি, বেবি শ্যাম্পু ১টি, নেইল কাটার ১টি, চিরুনি ১টি, পানির জগ ১টি এবং অ্যাকুয়া ট্যাবলেট ৩ পাতা। পাশাপাশি শিশুদের জন্য বিতরণ করা হয় MNP পাউডার ও প্রয়োজনীয় ওষুধপত্র।
শিশুর সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।