
আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার সাক্ষ্যগ্রহণের জন্য তাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছিল।
রওনা হওয়ার কিছু সময় পর প্রিজনভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং আরও কয়েকজন আহত হন।
ঘটনার পর আহতদের কড়া নিরাপত্তার মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম চলছে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।