শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নিষিদ্ধ দলের এমইউপি সদস্যরা অপপ্রচারে লিপ্ত, চেয়ারম্যান হারুনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অভিযোগকারী সদস্যরা উপস্থিত হননি। এরপর থেকেই তারা তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান বলেন, তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট, সরকারি সহায়তা বিক্রি ও দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি এসব অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে তদন্ত করা হোক। তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি মেনে নেবেন বলেও জানান তিনি। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাধাগ্রস্ত করা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

হারুন অর রশিদ দাবি করেন, তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং সরকারি বিধিমালা অনুসরণ করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন,পূর্ব বড়ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুর রহমান প্রকাশ আশু, ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য বাহাদুর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কফিল উদ্দিন, মাতামুহুরি উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওসমান গণি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য তালেব উল্লাহ, মৎস্য জীবী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক এবং আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মহসিন মেম্বার এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে বলে জানায়।

 

এ সময় তিনি দাবি করেন, নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলনের আগে তিন বছর তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের সমর্থক কয়েকজন ইউপি সদস্য সরকার ও উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজের বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে তাদের বর্তমান অভিযোগ ভিত্তিহীন।
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী সদস্যদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলাও রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে চেয়ারম্যান সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য উদঘাটনে ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews