রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

চকরিয়ায় পাহাড় ধসে ভাই- বোনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় একটি বসতঘরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- স্থানীয় বাসিন্দা কাজলের মেয়ে রুমি (১২) ও ছেলে তাওসিফ (১৩)।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নের ডেইঙ্গাকাটা, শান্তির বাজার, বিবিরখিল, পহরচান্দা, রসুলাবাদ, হিন্দুপাড়াসহ একাধিক এলাকায় অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। একই সঙ্গে সোনাইছড়ি নদীর তীব্র স্রোতে কয়েকটি এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং নদীতীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, টানা বর্ষণ ও বন্যার মধ্যেই পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ভোরবেলায় মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরে পাহাড়ধসে দুই শিশুসহ তাদের মা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews