
কক্সবাজারের চকরিয়ায় টানা তৃতীয় দিনের মতো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খাদ্যসামগ্রী, জরুরি কাপড় এবং নগদ অর্থসহ বিভিন্ন মানবিক সহায়তা নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেন দলটির নেতারা।
রবিবার ১২ জুলাই সকালে হারবাং এবং চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুই হাজারেরও বেশি বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌর আমীর আরিফুল কবির, পৌর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, অধ্যাপক আবু নাইম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনের দ্বিতীয় পর্বে বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকা এবং হারবাং-ইনানীতে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় বন্যাদুর্গতদের মাঝে জরুরি কাপড় বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন আব্দুল্লাহ আল ফারুক।
পরে সন্ধ্যায় মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোরিকশাচালক সাহাব উদ্দিনের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় মাতামুহুরি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ধারাবাহিকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর নেতারা জানায়, মানবিক এই সহায়তা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।