
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
শনিবার রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ করেন সালমান। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।