চকরিয়া ও মাতামুহুরিতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৩৪
বার পড়া হয়েছে
চকরিয়া ও মাতামুহুরিতে শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং, অগ্নিনিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জরুরি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(০৮ অক্টোবর) বিকাল ৩ টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
ছবি: চকরিয়া উপজেলা পরিষদ হল মিলনায়তন কক্ষ।
সভায় প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকায় হ্যালোজেন লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়। স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় কমিটি গঠন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া পূজা চলাকালে জরুরি যোগাযোগ ও পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম স্থাপন এবং হটলাইন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, তল্লাশি জোরদার ও রাত্রিকালীন ভিজিল্যান্স টিম গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজা মণ্ডপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল টিম গঠন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সভায় বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমার মধ্যে শব্দের মাত্রা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির প্রতি সম্মান রেখে পূজার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া পূজা মণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়। প্রতিটি পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন বই সংরক্ষণ ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।রদার ও রাত্রিকালীন ভিজিল্যান্স টিম গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, চকরিয়া পৌরসভার দায়িত্বর প্রশাসনিক কর্মকর্তা মুজিবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম,মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন হেলালী, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধির মধ্যে খুটাখালী ইউপি চেয়ারম্যান মওলানা আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান হারুন অর রশিদ, বিভিন্ন ইউনিয়নের প্রশাসকবৃন্দ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তিদাশ, সাধারণ সম্পাদক বাবলা দেব নাথসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় চকরিয়া ও মাতামুহুরিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।###