
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বানিয়াকুম এবং মুহুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন জব্দ এবং দুটি মেশিন অকেজো করে দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ) সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় সরেজমিনে এ অভিযান পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা শফিউল আলম।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ ও ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা শফিউল আলম ভোরের কণ্ঠকে বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।