
চকরিয়া পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিককে পিটিয়ে জখম করার অন্যতম আসামি সাইফুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত) মনির হোসেন।
শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম সোবহানীয়া ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া সাইফুল ইসলাম একই এলাকার মো. ইদ্রিসের ছেলে বলে জানায় পুলিশ টিম।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় বালু মহাল, পাহাড় ও বনভূমি দখল নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক। বালুদস্যু নাজেম উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল সাংবাদিক ছোটন কান্তি নাথ, জিয়াবুল হক ও ইকবাল ফারুকের ওপর নৃশংস হামলা চালায় এসময় তারা গুরুতর আহত হন।
এই ঘটনায় আহত সাংবাদিক ইকবাল ফারুক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে চকরিয়া থানায় ২৫ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ শুক্রবার ভোরে সাইফুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল দ্রুত খাটের নিচে আশ্রয় নিলেও পুলিশ তাকে সেখান থেকেই বের করে নিয়ে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, ধৃত আসামি সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।###