
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদুল ফিতরের ছুটি শেষে এবার কর্মস্থলমুখী ছুটেছে নারী-পুরুষ। কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেন কক্সবাজারে ঈদগাঁও উপজেলার গ্রামীন জনপদের মানুষরা। ট্রেনের সুবিধা থাকার পরও যাত্রীদের পুরো চাপ এখন সড়ক পথে। এতেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঈদের পরেরদিন থেকে বাসে অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই।বাধ্য হয়ে কোনরকম লোকাল বাসে করেই চট্টগ্রাম বা আশপাশ এলাকায় নিজ নিজ কর্মস্থলে যেতেও দেখা যায়। আবার কেউবা ছোট ছোট পরিবহন মাইক্রোবাস বা নোহা করে চলে যাচ্ছেন গন্তব্য পথে।
ঈদ পরবর্তী সপ্তাহ পার হলেও এখনো যাত্রীদের ভীড় লক্ষনীয় স্থানীয় কাউন্টার সমুহে। অনেকে টিকেট পাচ্ছেনা, কেউবা দুরপাল্লার যানবাহনের জন্য অপেক্ষা করেছেন আর কেউবা দাঁড়িয়ে যাওয়ার জন্য হলেও কাউন্টারের আশপাশে ঘুরাঘুরি করতেও চোখে পড়েন।
২৮ মার্চ বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে সৌদিয়া ও পূরবী কাউন্টারসহ বিভিন্ন কাউন্টারগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন।
এদিকে ইসলামাবাদ ট্রেন স্টেশনেও যাত্রীদের চাপ কমতি নেই। অনেকে অনলাইনে টিকেট না পেলেও দাঁড়িয়ে চলে যাচ্ছেন কর্মস্থলমুখীরা।
ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম বলেন,দূরপাল্লার বড় বাস সল্পতার কারনে কর্মস্থলমুখী যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। ভোগান্তি পড়ছেন তারা। সৌদিয়া কাউন্টারের এক দায়িত্বশীল বলেন, রাত ৮টার পর সিট কিংবা গাড়ী পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাস্তবতা বলছে, বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় প্রতিবছর ঈদ এলে একই চিত্রের পুনরা বৃত্তি ঘটে ঈদগাঁওতে। যেখানে বাড়ি ফেরা যেমন আনন্দের,তেমনি কর্মস্থলে ফেরাটাও হয়ে উঠে ভোগান্তির আরেক নাম।