
২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলো সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিংকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ অন্যতম বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হেলে লিংয়ের। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে যোগাযোগ করে তাকে জানানো হয়, তিনি ভারতে ভ্রমণ করতে পারবেন না। তার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরের মহলের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৮ মে অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি চলে যাওয়ার সময় হেলে লিং প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? মোদি এর কোনও উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও তিনি এ নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রণালয় শূন্য, যোগব্যায়াম ও দাবার মতো বিশ্ব সংস্কৃতিতে ভারতের অবদানের কথা তুলে ধরে জবাব দিয়েছিল।