শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

রামুতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত- ৪

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৩৪), তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা।

এ ঘটনায় আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পারিবারিক এই যাত্রা মুহূর্তেই শোকাবহ ঘটনায় পরিণত হয়। দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews