বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বান্দরবানে ৭৩টি ইটভাটার একটিও বৈধ নয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বান্দরবানের সাতটি উপজেলায় থাকা ৭৩টি ইটভাটার একটিরও বৈধ অনুমোদন নেই। এর মধ্যে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মাত্র তিনটি ওয়ার্ডেই রয়েছে ৩০টি ইটভাটা। নতুন মৌসুমে এসব ভাটায় ইট তৈরির প্রস্তুতি চলছে। ইট তৈরির মাটি সংগ্রহ করতে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। অন্যদিকে জ্বালানি কাঠ সংগ্রহে উজাড় হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পানির উৎস ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাইতংয়ের ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টিতে আগামী এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অথচ এসব ইটভাটার কোনো বৈধ অনুমতিপত্র নেই। প্রতিটি ইটভাটায় এক রাউন্ডে প্রায় আট লাখ ইট পোড়াতে ৬৫০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। সে হিসাবে ১০ রাউন্ডে একটি ইটভাটায় প্রায় ৬ হাজার ৫০০ মণ কাঠ পোড়ানো হয়।

ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহমদ বলেন, ‘প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে। অনুমতিপত্র না থাকলেও ইতিমধ্যে এলাকার ৩০টি ইটভাটার মধ্যে ২৬টিতে আগামী এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে।ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর আসবে, সাংবাদিকেরা লিখবেন, ইটভাটাও চলবে। এভাবে অতীতেও চলেছে, এখনো চলবে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি কাঠের চাহিদা মেটাতে বনাঞ্চল উজাড় করা হচ্ছে। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিবাতলিপাড়ার কারবারি উহা মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে ধোঁয়ায় পুরো পাড়া ও বিদ্যালয় প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে যায়। ইটভাটার গাড়ি চলাচল ও যন্ত্রপাতির শব্দে শিশুদের পড়াশোনাও ব্যাহত হয়।
ইটভাটার ব্যবস্থাপক রহিম উল্লাহ বলেন, পাড়াবাসীর কাছ থেকে জমি লিজ নিয়ে ইটভাটা করা হয়েছে। এ বছর লিজের মেয়াদ শেষ হবে। পাড়াবাসী না চাইলে লিজ নবায়ন করা হবে না।

পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও ইটভাটাগুলো চালু থাকে। গত সেপ্টেম্বরেও ফাইতং, থানচি ও নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এরপরও ইটভাটার কার্যক্রম চলছে।

জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইটভাটা চালুর বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। কেউ ইটভাটা চালু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews