
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও( কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রশাসনের অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইনে ৮ এপ্রিল (বুধবার) বিকেলে ঈদগাঁও বাজার এবং স্টেশনে জেলা প্রশাসন কর্তৃক অভিযান চালানো হয়। মাত্র দু’একটি দোকান কে টার্গেট করে অভিযান চালানো হলেও অনেক দোকান বাদ পড়ে গেছে বলে অভিযোগ সচেতন মহলের।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েমের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে বাজারের ডিসি রোডের হাইস্কুল গেট এলাকার মেসার্স জামান পলিথিন স্টোর থেকে প্রায় ৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান দোকানটির মালিক।
এছাড়া দোকানটিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) ধারা মতে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশনা দেন অভিযানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।অভিযান কালে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের আব্দুল লতিফ জনিসহ ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা গেছে, উক্ত ম্যাজিস্ট্রেট এর পূর্বে বাস স্টেশন এলাকার পলিথিন বিক্রয় ও বিপণনের সাথে জড়িত অপর একটি দোকানে অভিযান চালান। এসময় তিনি দোকানটিকে ১ হাজার টাকার অর্থদণ্ড দেন এবং বিপুল পরিমাণ পলিথিন সামগ্রী জব্দ করেন।