মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মেহেরনামা সদর ইউপিতে সাবেক ছাত্রনেতা এরশাদুল করিমের প্রার্থীতা ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দীর্ঘদিনের ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক ছাত্রনেতা এরশাদুল করিম। এরশাদুল করিম পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মোরারপাড়া তরিয়া বাড়ির বাসিন্দা।

 

তিনি মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তাঁর দাবি, তাঁর বাবা বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পেকুয়া সদর ইউনিয়নে ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করেন। বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এরশাদুল করিমও ২০০৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান। ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

 

পরবর্তীতে তিনি চকরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, পেকুয়া সদর পূর্বজোন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই সংগঠনের সাবেক সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানান। এরশাদুল করিমের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন মামলার মুখোমুখি হতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় রাজনীতি থেকে সরে যাননি এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

 

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে এরশাদুল করিম বলেন, “আমার মরহুম পিতা যে আদর্শ ও রাজনৈতিক বিশ্বাস নিয়ে সারাজীবন রাজনীতি করেছেন, সেই আদর্শকে ধারণ করেই আমি রাজনীতিতে এসেছি। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি। প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ সাহেব আমাকে যোগ্য মনে করলে দল আমাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করবে—এমন প্রত্যাশা রাখি।” তিনি আরও বলেন, মেহেরনামা সদর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হতে চান।

দলীয়ভাবে প্রার্থী হওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাবেক ছাত্রনেতা এরশাদুল করিম ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews