সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জট খুলতে শুরু করেছে কক্সবাজারের একরামুল হত্যার, শেখ হাসিনাসহ অভিযুক্ত ১১ স্বৈরাচার সরকারের শেষ সময় থেকে সবাই রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন-স্বরাষ্ট্র মন্ত্রী সামাজিক বনায়নের ৩৬ উপকারভোগীর মাঝে চেক বিতরণ, প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে চকরিয়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ casino online spielen paypal Secure Play Guide & Tips রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি, ২ কোটির বেশি স্বাক্ষর! বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

টানা ভারী বর্ষণে অচল মাতামুহুরি ও চকরিয়া

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও মাতামুহুরি নদীর জোয়ারের প্রভাবে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার-১ । বুধবার (৮ জুলাই) ভোর থেকে অবিরাম বৃষ্টিতে প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

জলাবদ্ধতার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল। একই পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার এইচএসসি, আলিম ও সমমানের বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সহকারী আবহাওয়াবিদ বশির আহমদ জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মাতামুহুরির বদরখালী, পূর্ব বড় ভেওলা, কোনাখানী, শাহারবিল, বিএমচর, ঢেমুশিয়া, ইলিশিয়া, চকরিয়ার কৈয়ারবিল, পহরচাঁদা, কাকারা, ফাঁসিয়াখলী, সুরাজপুর-মানিকপুর এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কয়েকটি এলাকায় ছোট যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়ক ও ড্রেনের সীমারেখা মুছে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

জলাবদ্ধতার কারণে বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এতে দুই উপজেলার মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক ব্যবসায়ী ও বাসিন্দা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

এদিকে, টানা বৃষ্টিতে কক্সবাজার – চট্টগ্রামের রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাতায়াত করে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় খাল, নালা ও ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

জেলা প্রশাসন পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও বহাল থাকবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী বলেন, রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews