কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার পহরচাঁদা মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ উপজেলার পহরচাঁদা ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া ১ নং ওয়ার্ডের মৃত সোলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয়রা জানান, নিহত রশিদ আহমদ কানে কম শুনতেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হয়েছেন। তিনি তাঁর এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।