
জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসে থাকা তথ্য ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করতে পারে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনার পর বিষয়টি সামনে এসেছে। আগে এসব সেবার কনটেন্টের ভিত্তিতে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানো হয় না বলে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও নতুন নীতিতে সেই অবস্থান বদলেছে। ফলে ব্যবহারকারীর ইমেইল, ফাইল ও ছবির তথ্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে যুক্ত থাকলে সেগুলো বিজ্ঞাপনকে আরও ব্যক্তিগতকরণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ সুবিধার মাধ্যমে জিমেইল, গুগল ফটোস ও অন্যান্য অ্যাপের তথ্য ব্যবহার করে জেমিনাই বা গুগল সার্চে আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর পাওয়া যায়। যেমন, জিমেইলে সংরক্ষিত কেনাকাটার রসিদ বা অর্ডারের তথ্য ব্যবহার করে গুগল ব্যবহারকারীকে পণ্যসংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য ও পরামর্শ দিতে পারে। এসব তথ্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে যুক্ত থাকলে বিজ্ঞাপন ব্যক্তিগতকরণের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। গত ১৬ অক্টোবর গোপনীয়তা নীতিতে এই পরিবর্তন আনে গুগল।
গুগল অবশ্য স্পষ্টভাবে জানিয়েছে, এই পরিবর্তনের অর্থ এই নয় যে প্রতিষ্ঠানটি সরাসরি ব্যবহারকারীর জিমেইল ইনবক্স বা গুগল ফটোসে থাকা ছবি বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখাবে। বিজ্ঞাপনদাতারাও ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবেন না। তবে পারসোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা তথ্য গুগলের বিভিন্ন সেবায় ব্যবহৃত হলে তা বিজ্ঞাপনকে ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে আরও প্রাসঙ্গিক করে তুলতে পারে। ফলে এআই সেবায় ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুবিধার পাশাপাশি তথ্যের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।
যেভাবে বন্ধ করবেন তথ্য ব্যবহারের সেটিংস
যারা এ ধরনের তথ্য ব্যবহারে সম্মতি দিতে চান না, তারা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে সংশ্লিষ্ট অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন। এ জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে গিয়ে ‘ডেটা এন্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘পার্সোনালাইজেশন সেটিংস’ থেকে ‘ম্যানেজ পার্সোনালাইজড রেকোমেন্ডেশনস ইন সার্চ সার্ভিসেস’ অপশনে যেতে হবে। সেখানে ‘অ্যাডিশোনাল পার্সোনাল ইন্টেলিজেন্স’ বিভাগের ‘কানেক্টেড কনটেন্ট অ্যাপস’ থেকে গুগল ওয়ার্কস্পেস ও গুগল ফটোসের সংযোগ বন্ধ করা যাবে। মেনুর নাম বা অবস্থান ডিভাইস ভেদে কিছুটা আলাদা হতে পারে।
এ ছাড়া গুগলের ‘মাই অ্যাড সেন্টার’ থেকে ‘পার্সোনালাইজড অ্যাডস’ বন্ধ করা যায়। এই সেটিংস বন্ধ করলে বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে না। তবে ব্যবহারকারীর পছন্দ ও অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ কমবে। গুগলের অ্যাপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করলেও আগে সংরক্ষিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। তাই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে গুগল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সেটিংসও পরীক্ষা করা প্রয়োজন।