শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি প্রবাসীসহ দুই তরুণ নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আকতার মিয়া, মহেশখালী, (কক্সবাজার)।

কক্সবাজারের মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসীসহ দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কিছুটা আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে সৌদি প্রবাসী ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল কায়ুম। হতাহত তিনজনই পরস্পরের আত্মীয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল হোসেন তাঁর দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উত্তর নলবিলা থেকে মাতারবিয়ার রাজঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে রক্ষা করতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কে ছিটকে পড়ে। এতে তিন আরোহীই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত মো. শাহীনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত আব্দুল কায়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের চাচাতো ভাই ও মহেশখালী হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মো. রিদুয়ান দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই পরিবারের ঘনিষ্ঠ দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে কালারমারছড়ার উত্তর নলবিলার আকবর হাজীপাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সৌদি প্রবাসী ইকবাল ও তরুণ শাহীনকে হারিয়ে শোকস্তব্ধ তাঁদের পরিবার ও স্বজনরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews