
আকতার মিয়া মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির ১৫ বছর মেয়াদি চুক্তিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদি চুক্তিতে ব্যয় হতে পারে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
প্রস্তাব অনুযায়ী, কুতুবজোমের উপকূলীয় এলাকায় স্থাপিতব্য এই ভাসমান টার্মিনালের প্রাথমিক গ্যাস পুনঃরূপান্তর সক্ষমতা হবে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ সক্ষমতা হতে পারে দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুট।
নতুন এই টার্মিনালের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংরক্ষণ করে পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে। পরে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় সরবরাহ করা হবে।
বর্তমানে মহেশখালীর উপকূলীয় এলাকায় দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিট গ্রুপের টার্মিনালের সক্ষমতা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট। নতুন টার্মিনাল যুক্ত হলে দেশের এলএনজি পুনঃরূপান্তর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
জ্বালানি খাতে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমে আসা এবং শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়তে থাকায় আমদানিনির্ভরতা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগকে জাতীয় গ্যাস সরবরাহ সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই চীনা প্রতিষ্ঠান সিএনইইর প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছিল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরবর্তী সময়ে প্রস্তাবটি আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছিল। অবশেষে ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে চালু করার লক্ষ্য রয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়ন সময়সূচি ও অন্যান্য কারিগরি বিষয় চুক্তি ও প্রকল্পের অগ্রগতির ওপর নির্ভর করবে।
মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপিত হলে এ অঞ্চল জাতীয় জ্বালানি অবকাঠামোর আরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। একই সঙ্গে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।