শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: পীর সাহেব বরুণা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ৮২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান ইসলাহী ইজতেমায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব বরুণা বলেন, আত্মশুদ্ধির মাধ্যমেই আল্লাহ ও তাঁর রাসুলের পরিপূর্ণ আনুগত্য সম্ভব। সাহাবায়ে কেরাম আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের জীবন পরিবর্তন করে আদর্শ মানুষে পরিণত হয়েছিলেন। বর্তমান সমাজের হত্যা, দুর্নীতি, অনাচার ও অরাজকতা দূর করতেও আত্মশুদ্ধির চর্চা জরুরি।

তিনি আরও বলেন, প্রতিটি ঘরকে একেকটি মাদরাসায় পরিণত করতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট কোরআন তিলাওয়াত, দ্বীনি বই পাঠ ও প্রয়োজনীয় মাসআলা শেখার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জুমার খুতবার আগে মুসল্লিদের ছোট ছোট সূরা ও জরুরি মাসআলা শেখানোর জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, ঈমানের সঙ্গে তাকওয়া জরুরি। ফরজ ও ওয়াজিব আদায়ের পাশাপাশি সব ধরনের গুনাহ থেকে বেঁচে আখিরাতের প্রস্তুতি নিতে হবে।

বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাবেক ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জুমার জামাতে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন বলে আয়োজকেরা জানান। আসরের পর পীর সাহেব বরুণার অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews